Saturday, September 6, 2014

আমার স্বপ্নেরা লোহিত

আমার স্বপ্নেরা ইদানীং
রঙ বদলাচ্ছে
সবুজ থেকে ফিকে লাল
ক্রমান্বয়ে লোহিত;

আমার স্বপ্নদের চারপাশে ছিলো
একটা নরোম, মোলায়েম আবেশ
এ আবেশে আবেষ্টিত হতো
প্রেম, 
ভালোবাসা,
আবেগ,
অনুরাগ,
আরো সমার্থক গন্ধ
যার নমনীয়তা মানায় হার
পাখির পালককেও;
কচি পাখির পালক।

আমার সেসব স্বপ্নেরা 
ক্রমশ কমাচ্ছে পদচারণা
আমার ভেতর বাড়ির কোমল উঠোন থেকে
আমার উঠোনটা কোমলতা হারিয়ে
দিনদিন হচ্ছে কঠিন, দৃঢ়। 

আমার স্বপ্নেরা রঙ বদলাচ্ছে 
সবুজ থেকে ফিকে লাল
ক্রমান্বয়ে লোহিত।

আমার স্বপ্নের চারদিকে আজকাল
গরম বাতাস বইতে শুরু করেছে
ভালোবাসা'র সমার্থক শব্দগুলোন
এখন আর তুলতুলে পৃষ্ঠে
চায় না প্রতফলিত হতে;
চাল কঠিন তল।

স্ট্রং এসিড কিংবা পারমাণবিক বোমাকে 
আমার স্বপ্নেরা এখন 
থোড়াই কেয়ার করে।

আমার স্বপ্নদের যাতায়াত এখন
রাগ-অনুরাগের চিপাগলিতে নেই আবদ্ধ
এদের আবেষ্টিত বাহুতে পড়ে-
মা,
মাটি,
সাগর,
আকাশ,
এবং স্বাধীনতা। 

মোদ্দাকথা আমার স্বপ্নেরা
পাথর,  লোহিত-বরণ পাথর--
সংকীর্ণ নয়, বিশাল প্রেমময়
দৃঢ় পাথরে নিচ্ছে রূপ
আমার স্বপ্নেরা সৈনিক হতে চলেছে।

 আমার স্বপ্নেরা রঙ বদলাচ্ছে 
সবুজ থেকে ফিকে লাল
ক্রমান্বয়ে লোহিত।

(১৯৯০)

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়