Sunday, September 14, 2014

পরানের কথা ০০৩


লিখেছেন ০৭ জুলাই ২০১৪, ০৯:৩৯ | ছড়া

প্রশ্ন শুধু ফাঁস হয়ে যায়
দাস হয়ে যায় পড়া,
সনদ জোটে বড়ো বড়ো
জ্ঞানই কেবল ধরা।

পরানের কথা ০০২

লিখেছেন ০৫ জুলাই ২০১৪, ১৫:১৯ | ছড়া

মূল্যবোধের মূল্যতো নাই
স্বার্থসিদ্ধিই বড়
মানবতা বিসর্জন দিয়ে
কিসের বড়াই করো?

পরানের কথালিখেছেন ০৪ জুলাই ২০১৪, ০৯:১৯ | ছড়া

ভালো মানুষ, সহজ মানুষ
বোকার সনদ পায়
ধূর্ত-কুটিল 'ভালো'র মাথায়
কাঁঠাল ভেঙ্গে খায়।

Saturday, September 13, 2014

লিমেরিকঃ ট্রেন্ডি ফ্যাশন

ব্লাউজ চাপায় শাড়ির আঁচল কাঁদে
এই বুঝি, যে রাঁধে; চুলও বাঁধে !!
কীযে দারুণ ফ্যাশন!
ট্রেন্ডি উইথ প্যাশন!
আহা, বাংলার ঐতিহ্য কোন ফাঁদে।

Saturday, September 6, 2014

আমার স্বপ্নেরা লোহিত

আমার স্বপ্নেরা ইদানীং
রঙ বদলাচ্ছে
সবুজ থেকে ফিকে লাল
ক্রমান্বয়ে লোহিত;

আমার স্বপ্নদের চারপাশে ছিলো
একটা নরোম, মোলায়েম আবেশ
এ আবেশে আবেষ্টিত হতো
প্রেম, 
ভালোবাসা,
আবেগ,
অনুরাগ,
আরো সমার্থক গন্ধ
যার নমনীয়তা মানায় হার
পাখির পালককেও;
কচি পাখির পালক।

আমার সেসব স্বপ্নেরা 
ক্রমশ কমাচ্ছে পদচারণা
আমার ভেতর বাড়ির কোমল উঠোন থেকে
আমার উঠোনটা কোমলতা হারিয়ে
দিনদিন হচ্ছে কঠিন, দৃঢ়। 

আমার স্বপ্নেরা রঙ বদলাচ্ছে 
সবুজ থেকে ফিকে লাল
ক্রমান্বয়ে লোহিত।

আমার স্বপ্নের চারদিকে আজকাল
গরম বাতাস বইতে শুরু করেছে
ভালোবাসা'র সমার্থক শব্দগুলোন
এখন আর তুলতুলে পৃষ্ঠে
চায় না প্রতফলিত হতে;
চাল কঠিন তল।

স্ট্রং এসিড কিংবা পারমাণবিক বোমাকে 
আমার স্বপ্নেরা এখন 
থোড়াই কেয়ার করে।

আমার স্বপ্নদের যাতায়াত এখন
রাগ-অনুরাগের চিপাগলিতে নেই আবদ্ধ
এদের আবেষ্টিত বাহুতে পড়ে-
মা,
মাটি,
সাগর,
আকাশ,
এবং স্বাধীনতা। 

মোদ্দাকথা আমার স্বপ্নেরা
পাথর,  লোহিত-বরণ পাথর--
সংকীর্ণ নয়, বিশাল প্রেমময়
দৃঢ় পাথরে নিচ্ছে রূপ
আমার স্বপ্নেরা সৈনিক হতে চলেছে।

 আমার স্বপ্নেরা রঙ বদলাচ্ছে 
সবুজ থেকে ফিকে লাল
ক্রমান্বয়ে লোহিত।

(১৯৯০)

Thursday, September 4, 2014

আমি আছি আমি থাকবো

রাখালের বাঁশি আর বাজে না
নিরাকপড়া এক দুপুরে
থেমে গেছে বাঁশির সুর
হৃদয় আজ আর
গুনগুনিয়ে গায় না গান
বুকের ভেতরের অশাস্ত্রীয় প্রণয়
নিঃশেষিত প্রায়।

আরক্ত নয়ন কী যেনো চায় দেখতে
দেখতে পায় না কিছু
গোপন-জানালার পাশে
হাসির শব্দও যায় না শোনা
নির্বিকার বিজ-বনে তারা
করেছে আত্মগোপন।

সুখী চলে গেছে
না মেনে আমার বিকট বারণ
নিরঙ্কুশ স্বেচ্ছাচারিতায়
মরচে-পড়া বসন্তের একলগ্নে
চলে গেছে সুখও।

ছিন্নভিন্ন ধ্রুব-যন্ত্রণা
পরাজিত দুঃখ নিয়ে তবু
আমি আছি, আমি থাকবো।

(রচনাকালঃ ১৯৮৯- আমার কিশোরবেলা)



সবাই আকাশকে ভালোবাসে

সবাই আকাশকে ভালোবাসে
দিনে সূর্য
রাতে চাঁদ
নেপচুন, প্লুটো, গ্যলাক্সি…
সবাই।

এপেলো -১১
আর্মস্ট্রং
এলড্রিন
কলিন্স
সব, সবাই।

গাছেরা আকাশকে ভালোবাসে
তরতর করে বেড়ে ওঠা তার প্রমাণ।
বস্তির মেয়ে নসিরন
গভীররাতে শান্তি খুঁজতে চেষ্টা করে
আকাশের দিকে চেয়ে চেয়ে।

মাটির কথা ইদানিং কেউ ভাবে না
আকাশ
চাই আকাশ
আকাশ…।

নীলব্যথা বুকে চেপে
মাটিও নাকি আজকাল
আকাশকে ভালবাসতে শুরু করেছে।

( রচনাকালঃ ১৯৮৯)

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়