Wednesday, February 25, 2015

দূরের আকাশ

তোমাকে ভালোবেসে
সাধারণ বালক থেকে ভীষণ দুরন্ত প্রত্যয়ী
যোদ্ধা হয়ে যাই আমি এক সোনামুখী ভোরে।
তোমায় ছুঁয়ে দেখার প্রাণান্ত প্রয়াসে
রাগান্ধ অশ্বের মতো  ছুটে চলি আমি
দুইশ ছয় ফুট সামনে সলজ্জ তোমাকে দেখে আমি মুগ্ধ হই
তোমার বুকের আশ্রয় আরাধ্য চিরদিনের...
ছুঁতে যাই হাত বাড়িয়ে
মুহূর্তে নাই হয়ে যাও তুমি
ছুটে চলি
ছুটে চলি
ওই তো তুমি  দুইশ ছয় ফুট সামনে
ডাকছো ইশারায়...
এ মহাল আমার - আমি হাত বাড়াই
মুহূর্তে নাই হয়ে যাও তুমি।
ক্রমশ গেছি জেনে-
হাতছানি দিয়ে যাও তুমি দিগন্তে
দূরের আকাশ তুমি
আমি এক বালক সাধারণ । 

২৫.২.১৫






Wednesday, February 18, 2015

লিমেরিকঃ লঞ্চডুবির দায়



লঞ্চডুবিতে মরছে মানুষ দুদিন বাদে বাদে
নিরীহ সব যাত্রী শিকার অশুভ কোন ফাঁদে!
তাজাপ্রাণের বিদায়
কে নেবে আজ এ দায়?
স্বজনহারার দুঃখ দেখে পরান শুধু কাঁদে। 

ঢাকা
২৩/২/২০১৫
পাদটীকাঃ পদ্মায় গতকালের লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে।

লিমেরিকঃ ভাষার প্রতি ভালোবাসা



ভাষার প্রতি ভালোবাসা ভাসাভাসা হলে, 
শহীদগণের আত্মত্যাগ যায় বুঝি বিফলে!
একুশ এলেই তোড়েজোড়ে
বাংলাচর্চা আসে ঘুরে
ভাষাপ্রেমের প্রকৃত-রূপ বেরুক হৃদয় গলে।
  -
ঢাকা
১৮/২/১৫

Saturday, February 14, 2015

ভালোবাসা নিতি

যাচ্ছে শোনা আজকে
ভালোবাসার দিবস
তাহলে তো কিং ডে
দি বস, কী বস!

দিনক্ষণ বুঝে তোমরা বুঝি
বাসো ভালো?
জানাতে তা বিশ্ব-ব্যাপি
তোলো তালও!

বছরের বাকি দিনসব
ভালোবাসাহীন?
কাটবে তবে ক্ষণগুলো কি
আলো-আশাহীন!

মন ও হৃদয়  কাঁদবে তবে
মরবে জ্বালায়?
ভালোবাসা ঠুকবে মাথা
বদ্ধ তালায়!

গোলাপের দাম গেছে বেড়ে
অনেকগুন আজ,
ভালোবাসা পার্কে পথে
সুবর্ণ সাজ।

বোধের ঘরে ভালোবাসা
সাজও মেলে
ঋদ্ধ তা হয় মন-ছোঁয়ায়
নকল ফেলে।

আমার তো হায় ভালোবাসা
লাগেই নিতি
বাঁচি না একদিনও বিনে
প্রেম ও প্রীতি।

--
ঢাকা
১৪/২/১৫




Friday, February 13, 2015

মেকি

ফাগুনে আজ সাজছে সবাই
রঙে
প্রকাশটা তার পাচ্ছি নানান
ঢঙে।

এতো সাজের মাঝেও কী যে
ধূসর
মাটি কাঁদে করুণ হয়ে
ঊষর।

তাল কেটে যায় সুর বাজে না
আর
কেউ ধারে না একটু মনের
ধার।

সব কি তবে পোশাকী আর
মেকি
দৃশ্যমানে আমড়া কাঠের
ঢেঁকি! 




Thursday, February 12, 2015

লাল-কাফনের অন্তরালে

নীহার শুভ্র শাড়ি পরে কাঙ্ক্ষিত প্রভাত আসে
ফাগুনের বিভাবরী পেরিয়ে
প্রশান্ত আমেজে
স্নিগ্ধতায়। 

কে জানতো এমন প্রভাতেও
লাশ হয়ে আসবে কোনো ভাই
তার বোনের আঙিনায় !

অথচ এসেছে...
বুকের রুধিরে স্নাত হয়ে
ধবধবে সাদা শার্ট তার
লেগে আছে গায়ে
লাল কাফন হয়ে।

আর হৃদয়ের দুর্লঙ্ঘ্য বাসনায় জয়ী হবার
দুর্জয় শপথ এখনো দীপ্তিমান তার অবয়বে।

যেনো বলতে চাচ্ছে--
"দেখো, তোমরা দেখে নিও
কাল প্রভাতে যে সূর্য আসবে
তার মুখে সত্যি থাকবে হাসি
বিজয়ের গৌরব
কণ্ঠ নিঃসৃত হবে- অ, আ, ক, খ।

আর আমি হাসবো
লালকাফনের অন্তরালে থেকেথেকে
হাসবো আমি।"
 --
 ০৫/০২/১৯৮৯

Wednesday, February 11, 2015

লিমেরিকঃ সাগর-রুনি


বলছে ডেকে আমায়  কাতর সাগর-রুনি
ও বাঙালি, কোথায় সেসব ঘৃণ্য খুনি?
মেঘ রবে কোন সে আশে
বাঁচবে ঘৃণা আর ত্রাসে !
দিন মাস বছর তিন যায়!- প্রহর গুনি!!
-
ঢাকা
১১/০২/২০১৫
সকাল ০৮ঃ৪২মিঃ

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়